শনিবার, ১৮ জুলাই ২০২৬ | ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

করাচিকে হারিয়ে ফাইনালের আরও কাছে সাকিবের লাহোর

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৫ ০৮:৩১ |আপডেট : ১ জুন ২০২৫ ০৯:০৪
করাচিকে হারিয়ে ফাইনালের আরও কাছে সাকিবের লাহোর
করাচিকে হারিয়ে ফাইনালের আরও কাছে সাকিবের লাহোর

পিএসএলের এলিমিনেটরে করাচিকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে লাহোর কালান্দার্স। লাহোরের দলে তিন বাংলাদেশি থাকলেও এলিমিনেটরে একাদশে সুযোগ পান শুধু সাকিবই। আর বল হাতে নিজের কাজটা ঠিকঠাকই করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

টস হেরে প্রথম ফিল্ডিংয়ে নামে সাকিবের লাহোর। ডেভিড ওয়ার্নারের দারুণ ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৯০ রানের পুঁজি পায় করাচি কিংস। জবাবে ৬ উইকেট ও ৮ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিবের লাহোর। শুক্রবার (২৩ মে) দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদের মুখোমুখি হবে লাহোর। এই ম্যাচে জয় পেলেই ফাইনালের টিকিট কাটবে তারা।  

করাচির অধিনায়ক ওয়ার্নার টিম সেফার্টকে নিয়ে দারুণ এক শুরু এনে দেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি সেফার্ট। তবে একপ্রান্ত আগলে ব্যাটিং চালিয়ে যান ওয়ার্নার। অপরদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে করাচি।


সপ্তম ওভারে শাহিন বল তুলে দেন সাকিবের হাতে। সাকিব ওভারের শেষ বলে শিকার করেন জেমস ভিন্সকে। সেই ওভারে সাকিব খরচ করেন মাত্র ৪ রান। তবে অবাক করার বিষয় হল, এরপর আর বোলিং করার সুযোগ পাননি সাকিব। শেষ পর্যন্ত ওয়ার্নারের ইনিংস সেরা ৭৫ রানের উপর ভর করে ১৯০ রানের পুঁজি পায় করাচি। লাহোরের হয়ে ৩টি উইকেট পান হারিস রউফ। ২ উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি।

এই রান তাড়া করতে নেমেও সাকিবের ব্যাটিং প্রয়োজন পড়েনি লাহোরের। তার আগেই কাজটা শেষ করে দেন ফখর জামান, আব্দুল্লাহ শফিক, কুশল পেরেরা আর ভানুকা রাজাপাকশেরা। ফখরের ২৮ বলে ৪৭ রানে উড়ন্ত শুরু পায় লাহোর। তার বিদায়ের পর ৩৫ বলে ৬৫ রানের ইনিংস খেলে দলের সুতোটা ঢিলে হতে দেননি আব্দুল্লাহ। এরপর ৩০ করা কুশল পেরেরা বিদায় নিলেও ১২ বলে ২৩ রান করা ভানুকা রাজাপাকশে ম্যাচ শেষ করেই ফেরেন সাজঘরে।


করাচির হয়ে ২ উইকেট পান হাসান আলি। তবে ৬ উইকেটের জয় তুলে নেয় লাহোর। চলে যায় কোয়ালিফায়ারে।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর