শনিবার, ১৩ জুন ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কঠিন পরিস্থিতিতেই প্রকৃত চ্যাম্পিয়নদের পরিচয় মিলবে: রোনালদো

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৬ ২৩:০৭ |আপডেট : ১২ জুন ২০২৬ ২৩:১২
ছবি :সংগৃহীত
ছবি :সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে পর্তুগাল জাতীয় দল। ‘সিটি অব ফুটবল’ থেকে যাত্রার আগে দলের মুখপাত্রের ভূমিকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দলকে সরাসরি শিরোপার অন্যতম দাবিদার বলতে রাজি নন তিনি, যদিও বিশ্বকাপ নিয়ে তার আশাবাদের কমতি নেই।

৪১ বছর বয়সি এই তারকা ফরোয়ার্ড নিজের ক্যারিয়ারের আরেকটি বিশ্বকাপে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সঙ্গে দলের প্রস্তুতি ও সম্ভাবনা নিয়েও ইতিবাচক বার্তা দেন তিনি।

পর্তুগিজ সংবাদমাধ্যম এ বোলা-কে রোনালদো বলেন, আমরা অনেক আনন্দ ও আশা নিয়ে যাচ্ছি। ইউরো চ্যাম্পিয়নশিপের মতো বিশ্বকাপও সবসময়ই বিশেষ একটি প্রতিযোগিতা। আমাদের প্রত্যাশাও অনেক।

বিশ্বকাপের আগে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে আত্মবিশ্বাসী সুরে রোনালদোর জবাব, আমি ভালো আছি। আপনারা কি খেলাগুলো দেখছেন না?

সাম্প্রতিক সাফল্যের কারণে পর্তুগালকে ঘিরে প্রত্যাশা বেড়েছে। তবে সেই চাপ কিছুটা কমানোর চেষ্টা করেছেন অধিনায়ক। তার মতে, টুর্নামেন্ট যত এগোবে, ততই পরিষ্কার হবে কোন দল আসল দাবিদার।

রোনালদো বলেন, আমাদের দারুণ একটি প্রজন্ম রয়েছে। তবে এমন কিছু বিষয় আছে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। জয়-পরাজয় কিংবা ম্যাচের পরিস্থিতি অনেক কিছু বদলে দেয়। তবুও আমি বিশ্বাস করি, এই প্রজন্ম পর্তুগালের মানুষকে অনেক আনন্দ দেবে।

বর্তমান পর্তুগাল দলকে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতিভাবান স্কোয়াড হিসেবে বিবেচনা করা হচ্ছে। রোনালদোর পাশাপাশি দলে আছেন ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, রাফায়েল লিয়াও, জোয়াও নেভেস ও ভিতিনহার মতো ইউরোপের শীর্ষ লিগে খেলা তারকারা।

বিশ্বকাপের আগে নেওয়া প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট রোনালদো। তিনি বলেন, সময়টা কিছুটা ক্লান্তিকর ছিল, কারণ আমরা কঠোর পরিশ্রম করেছি। প্রস্তুতি ম্যাচগুলোতেও জয় পেয়েছি। তবে আসল পরীক্ষা শুরু হবে ১৭ তারিখ থেকে।

বিশ্বকাপে কঠিন পরিস্থিতিতেই প্রকৃত চ্যাম্পিয়নদের পরিচয় মেলে বলেও মনে করেন পর্তুগাল অধিনায়ক।

তার ভাষায়, যখন চাপ বাড়বে এবং পরিস্থিতি কঠিন হবে, তখনই প্রকৃত চ্যাম্পিয়নদের দেখা যাবে। অনেক কিছুর ওপর ফল নির্ভর করে, তবে আমি খুবই আশাবাদী যে সবকিছু ভালোভাবেই এগোবে।

গ্রুপ পর্বে শীর্ষস্থান অর্জনকেই দলের প্রথম লক্ষ্য হিসেবে দেখছেন রোনালদো। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এরপর ধাপে ধাপে এগোতে হবে, ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং প্রতিযোগিতার ছন্দ ধরে রাখতে হবে।



মন্তব্য করুন