শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ‎

নিজস্ব প্রতিবেদক
৪ জুন ২০২৬ ২০:৪২ |আপডেট : ৪ জুন ২০২৬ ২০:৪৩
জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি :সংগৃহীত
জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি :সংগৃহীত

দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ‎

বৃহস্পতিবার (৪ জুন) বিকাল ৫টায় নগরীর টাউন হল মাঠ থেকে মিছিল বের করা হয়।

সমাবেশে কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বর্তমান সরকার জনগণের ভোট ও প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শনের পরিবর্তে বারবার জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে পরিবহণ ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আরও বৃদ্ধি পাবে; ফলে সীমিত আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

‎অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জনগণের ক্রয়ক্ষমতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা। অন্যথায় জনদুর্ভোগ সৃষ্টিকারী এ সিদ্ধান্তের বিরুদ্ধে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।


‎সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, কাজী নজীর আহম্মেদ, অধ্যাপক রফিকুল ইসলাম ও মিজানুর রহমানসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

‎এর আগে মহানগরীর সেক্রেটারি মু. মাহবুবর রহমানের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।

‎সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ করেন। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর